খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ছিনতাইকালে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) এবং তাঁর সহযোগী মো. ইব্রাহিম গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩) নগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশায় পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কব্জির ওপর কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার মিরাজের বিরুদ্ধে খুলনার আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হবে।


