এবার যুব উন্নয়নের প্রশ্নফাঁস : গ্রেপ্তার ৫

সরকারি কর্মকর্তাদের যোগসাজশ
প্রবাহ রিপোর্ট : যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গণমাধ্যমের অনুসন্ধানে সরকারি কর্মকর্তাদের যোগসাজশে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ মিলেছে। ইতোমধ্যে প্রশ্নফাঁস চক্রের ৫ সদস্যকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সাথে বিপুল পরিমাণ প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে।
২৪২টি পদের বিপরীতে যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ চাকরিপ্রার্থী। গত ১১ অক্টোবর পূর্বনির্ধারিত এই পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে ফাঁস হওয়া প্রশ্নের কপি আসে গণমাধ্যমের হাতে। এরপর সেই পরীক্ষা স্থগিত করে ১৬ অক্টোবর নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে যুব উন্নয়ন অধিদপ্তর। সেই সঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে প্রশ্নফাঁসের ঘটনায় রুবেল ইসলাম নামে একজনের নাম সামনে আসে। তিনি রংপুরের পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর। তথ্য-প্রমাণ বলছে, রুবেলের সরবরাহ করা প্রশ্ন কয়েক হাত ঘুরে পরীক্ষার দিন সকালে পৌঁছে যায় চাকরিপ্রার্থীর কাছে।
শুধু যুব উন্নয়ন নয়, সাম্প্রতিক বছরগুলোয় আরও কয়েকটি সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসেরও তথ্যও জানান রুবেল। কিন্তু রুবেল এই প্রশ্ন কার কাছ থেকে পেয়েছিলেন এবং এই চক্রে কারা জড়িত— এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। একপর্যায়ে অনুসন্ধানে যুক্ত হয় আইনশৃঙ্খলা বাহিনীও। এরপর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্নফাঁস চক্রের সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।



