জাতীয় সংবাদ

‘শাপলা’র কোনও বিকল্প অপশন নেই, বাধা দিলে রাজনৈতিকভাবে লড়াই

নৌকা প্রতীক বাতিলের দাবি এনসিপির

প্রবাহ রিপোর্ট : দলের প্রতীক হিসেবে ‘শাপলা’র বিকল্প কিছু নেই মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আমাদের ‘শাপলা’র কোনও বিকল্প অপশন নেই। কারণ, আমরা দেখেছি- আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনও বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো। গতকাল রোববার সকাল ১১টায় এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৫ সদস্যর প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পাটোয়ারী। ইসি পুনর্গঠনের বিষয়ে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে- স্ট্রেট ফরওয়ার্ড বলেছি। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইন পরিবর্তন করতে হবে। ঐকমত্য কমিশনের যে নতুন সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী, এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাদেরকে রাখা যেতে পারে।’
নৌকা প্রতীক বাতিলের দাবি জানিয়েছে এনসিপি : দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে। কিন্তু নৌকাকে এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। আইনগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দিতে হবে।’ কমিশন বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্যোগ নেবে বলে জানান তিনি। এনসিপির এই নেতা বলেন, ‘সিইসির সঙ্গে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তা হলো- আমরা ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার একটি দরখাস্ত ইসিতে দাখিল করেছিলাম। সে বিষয়ে অগ্রগতি সম্পর্কে ইসির কাছে জানতে চেয়েছিলাম। কমিশন আমাদের সেটির অগ্রগতি জানিয়েছেন।’ সিইসির সঙ্গে প্রবাসীদের ভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জহিরুল ইসলাম মুসা বলেন, ‘প্রবাসীরা কীভাবে ভোট দেবেন, যে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কী, সে ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও কমিশন আমাদের এ বিষয়গুলো আপডেট দিয়েছেন।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button