স্থানীয় সংবাদ

পণ্য উৎপাদনকারীদের মানসম্মত পণ্য উৎপাদন করে বাজারজাত করার আহবান জানান বিশ্ব মান দিবস অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য হলো ‘Shared Vision for a Better World Affordable and Clean Energy যার মূল ভাবার্থ ‘অভিন্ন লক্ষ উন্নত বিশ্ব সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’। বিশ্ব মান দিবস ২০২৬ উপলক্ষ্যে বুধবার (১৪ অক্টোবর)-২৬ খুলনা বিএসটিআই বিভাগীয় কার্যালয় সম্মেলন কক্ষে বিএসটিআই পরিচালক প্রকৌঃ রহিমা তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আবদুল্লাহ হারুন।বিশেষ অতিথি ছিলেন কেএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এবং খুলনা ক্যাব এর সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড অংশগ্রহণ করেন। সভায় খুলনা বিএসটিআই’র পরিচালক স্বাগত বক্তব্যে বলেন, বিএসটিআই’র সার্বিক কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন, খুলনা কার্যালয়ে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। ফলে এ অঞ্চলের সেবা গ্রহীতাদের দ্রুততম সেবা প্রদানে বিএসটিআই’র সক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বিএসটিআইকে এমনভাবে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হচ্ছে যা মানসম্মত পণ্য উৎপাদনে ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, পণ্য উৎপাদনকারীরা যদি মানসম্মত পণ্য উৎপাদন করে তাহলে বিএসটিআই’র কাজ অনেকটা সহজ হয়ে যায়। তবে সঠিক পণ্য ভোক্তা সাধারণের নিকট পৌছে দিতে বিএসটিআই’র মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম আরো ত্বরান্বিত করতে হবে। টেকসই ও বাসযোগ্য পৃথিবী গড়ার জন্য সবাইকে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।পণ্য উৎপাদনকারীদের মানসম্মত পণ্য উৎপাদন করে বাজারজাত করার আহবান জানান

বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে, দৈনন্দিন জীবনে, শিল্প, কৃষি, চিকিৎসা তথা জীবনের সকল ক্ষেত্রে পণ্যের গুণগতমান এর গুরুত্ব তুলে ধরেন। তারা বিএসটিআই’র কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন সেইসাথে ভোক্তার সন্তুষ্টি অর্জনে আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানান। অতিরিক্ত পুলিশ কমিশনার তার বক্তব্যে পণ্যের গুণগতমান এর উপর আলোচনা করেন এবং বাংলাদেশ যেহেতু এলডিসি হতে উত্তরণের পথে সেহেতু বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীদের মানসম্মত পণ্য তৈরির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। উক্ত আলোচনা সভায় শিল্প ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button