জাতীয় সংবাদ

৬৪ জেলায় হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

আওয়ামী দুঃশাসন এবং অভ্যুত্থানের স্মৃতি স্মরণে

প্রবাহ রিপোর্ট : দেশের ৬৪ জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ গতকাল সোমবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ফারুকী বলেন, দেশের ৬৪ জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ আজ (গতকাল সোমবার) থেকে শুরু হলো। ৪ আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ হবে। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি নারীকে খুঁজে পেতে কাজ শুরু করেছে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি নারীর অবদান ও নাম তালিকাভুক্ত করবে সরকার।
৫ আগস্ট উদ্বোধন হবে ‘জুলাই স্মৃতি জাদুঘর’: সংস্কৃতি-বিষয়ক উপদেষ্টা বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ এর কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ৫ আগস্ট জাদুঘরটি উদ্বোধন করা হবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। ফারুকী বলেন, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। তবে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আরও কিছুদিন পরে। সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশীদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। সংস্কৃতি উপদেষ্টা বলেন, একজন দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করার পর তিনি যেন উপলব্ধি করতে পারেন- কেন হলো জুলাই বিপ্লব, আওয়ামী লীগের দুঃশাসন এবং অভ্যুত্থানের স্মৃতি। তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের অপরাধের বিচার আদালত করবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো- একজন দর্শনার্থী জাদুঘরে এসে যেন শেখ হাসিনার অপরাধের বিচার নিজের বিবেক দিয়ে করতে পারেন। জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনার জন্য একটি আইনি কাঠামো দাঁড় করানো হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button