জাতীয় সংবাদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, নদীবন্দরে ১

প্রবাহ রিপোর্ট : সাগরে লঘুচাপের কারণে ঝড়ের আশংকা দেখা দিয়েছে। তাই সকল সমুদ্রবন্দরে তোলা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত। এছাড়া সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সংকেত। গতকাল সোমবার এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অন্য এক পূর্বাভাসে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী এবং নোয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button