রামপালের শিবনগরে সন্ত্রাসী হামলায় আহত ৬, যুবকের রগ কর্তন : থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীদের উভয় পক্ষের মধ্যে পালটাপালটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদের মধ্যে রুবেল ও শাহআলমকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে উপজেলার উজড়কুড় ইউনিয়নের শিবনগর কানার খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে রামপাল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ লিখিত অভিযোগটি দায়ের করেছেন আব্দুস সালাম শেখের ছেলে ভুক্তভোগী মো. আসাদুজ্জামান শেখ।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার শিবনগর গ্রামের এক সন্ত্রাসীর নেতৃত্বে তার সহযোগী ২০-২৫ জন একত্রিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে তাদের উপর অতর্কিত এ হামলা চালানো হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ।
ঘটনার দিন ১৪ আগষ্ট বেলা সাড়ে ১২ টার দিকে শরিফুজ্জামান রুবেল (৩০), আব্দুল্লাহ শেখ (২৫), শাহআলম শেখ (৩০), শাহীন শেখ (৫৫), বাড়ীর পাশে বিলে মাছের ঘেরে শিবনগর সাকিনস্থ জনৈক এহিয়া’র মাছের ঘেরের বেঁড়ীভাধের উপর হামলাকারীরা পূর্ব প্রস্তুতি অনুযায়ী পলিথিনের ব্যাগে লবন-ঝালের গুড়াসহ রাম দাঁ, চাইনীজ কুড়াল, লোহার রড, হাতুড়ী, শাবল ও লাঠি-সোটা সহকারে, ঘটনাস্থলে ওৎ পেতে থাকে। তখন রুবেল, শাহীন ও শাহ্আলম ঘটনাস্থলে পৌঁছানোর সাথে-সাথে তাদের পথরোধ করে চতুর্দিকে ঘিরে ফেলা হয়। এরপর তাদের কাছে থাকা ব্যাগ হতে ঝালের গুড়া ও লবন নিয়ে আহতদের চোখে-মুখে ছুড়ে মেরে দেয়।
এই সুযোগে প্রতিপক্ষরা খুন করার হুকুম দিলে সহযোগী সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো দাঁ দিয়ে রুবেলকে মাথার বামপাশে, ডানপাশে ও মাথার মাঝকানে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় এবং বাম হাতের কবজির উপরে কুপিয়ে হাতের রগ ও হাড় কেটে দেওয়া হয়। এমনকি রুবেলের শরিরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তার অবস্থা এখনও আশংকা জনক। এছাড়া আহত শাহআলমের বাম হাটুর জয়েন্টে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং হাটুর জয়েন্টের হাড় ও সেরা কেটে যায়।
লোহার রড, হাতুড়ী ও শাবল দিয়ে শাহীন ও তার ছেলে আব্দুল্লাহর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। অভিযোগকারী ভুক্তভোগী আসাদুজ্জামান আসাদ, আব্দুল্লাহ, আজমীর (১৮) আসাবুর (৩০), রনী (২২) কেও রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ী পিটিয়ে আহত করে। ওই মুহুর্তে আহত আজমীর, রনী ও আসাবুরের কাছে থাকা তিনটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ উঠেছে।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ৯ আগষ্ট প্রতিপক্ষরা আসাদের জমি দখলে নেওয়ার প্রস্তুতি নেয়। এ ঘটনায় আদালতে ১৪৪ ধারায় একটি অভিযোগ করে আসাদ। যার মামলা নং-মিস ৫৩৪/২৫, উক্ত মামলাটি আদালত কর্তৃক থানায় প্রেরণ করা হয়। আদালতে উক্ত অভিযোগ ২টি দায়ের করার পর থেকে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ১১ আগষ্ট অভিযোগকারী আহত আসাদের বাড়ীর সামনে তাকে হামলাকারীদের মূলহোতা খুন করার হুমকি দেয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বিজ্ঞ আদালতে ১০৭/১১৭ ধারায় একটি নালিশী অভিযোগ দায়ের করে আসাদ।
এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ : দিন যতই অতিবাহিত হচ্ছে ততই উশৃংখল সন্ত্রাসী বাহিনী বেপরোয়া হয়ে উঠছে। এই প্রতিপক্ষদের ভয়ে এলাকার সাধারণ মানুষ কথা বলতে সাহস পাচ্ছেনা। এলাকার মানুষকে ভাবিয়ে তুলেছে এই সন্ত্রাসী বাহিনী। এমনকি রাজনৈতিক যে দল ক্ষমতায় আসে সেই দলের ভাড়াটিয়া লোক হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকা- করে আসছে এ বাহিনী। এলাকার এক শ্রেণীর কিছু অসাধু প্রভাবশালী লোকের ছত্রছায়ায় এ-সব অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে বলে এলাকায় বিস্তার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
প্রতিপক্ষরা হুটহাট করে মানুষের সাথে অকারণে কলহ-বিবাদ সৃষ্টি করে। নোংরা মানসিকতার প্রতিপক্ষরা নারীদের গায়ে হাত তুলতেও পর্যন্ত দিধা করেনা। এমনকি তৃতীয় লিঙ্গের লোকজনকেও মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। নানা অপকর্মের হোতা ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী আহত রুবেল বলেন, সন্ত্রাসীরা আমাকে এবং আরও কয়েকজনকে খুন করার পরিকল্পনা ছিলো। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সামান্য’র জন্য প্রাণে বেচে গেছি। আমার হাতের রগ কেটে দেয় এবং মাথা সহ শরিরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এই সন্ত্রাসী গুন্ডা ও খুনি। এলাকায় এর বিরুদ্ধে অনেক অপকর্মের অভিযোগ রয়েছে। এমনকি এলাকার একটি ছেলেকে বাড়ি থেকে দিনের বেলায় প্রকাশ্যে টেনেহিঁচড়ে ধরে নিয়ে মেরে ফেলেছে সন্ত্রাসীরা।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনার অভিযোগ পেয়েছি। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



