স্থানীয় সংবাদ

আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে

# খুলনার সচেতন নাগরিক কমিটির সমাবেশে নেতৃবৃন্দ #

খবর বিজ্ঞপ্তিঃ খুলনায় শান্তি সমাবেশে নেতৃবৃন্দ বলেন, খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য জনগণ নিরাপত্তাহীন। সরকার ও প্রশাসন মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। সাধারণ ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছেন না। মব সন্ত্রাস, নারী ধর্ষণ-নির্যাতন ও চাঁদাবাজি লাগাতারভাবে বেড়েই চলছে। অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। একারণে তারা প্রচন্ড ক্ষুব্ধ। শনিবার বেলা ১১টায় নারী ধর্ষণ, নির্যাতন, হত্যা, মব সন্ত্রাস, চাঁদাবাজি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নগরীর এপিসি স্কুল মোড়ে অনুষ্ঠিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। নাগরিকনেতা মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে এবং শ্রমিকনেতা এস এম চন্দনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, মানবাধিকারকর্মী এ্যাড মোঃ মোমিনুল ইসলাম, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড মোঃ বাবুল হাওলাদার, নাগরিক ঐক্য মহানগর সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, আম জনতার দল কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ সাইফুল্লাহ বাবু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর নেতা মোস্তাফিজুর রহমান রাসেল, নারীনেত্রী পারভীন পলি, দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদের সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমীন হাওলাদার, আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি সরদার আবু তাহের, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা মোঃ নাসির উদ্দীন, ডুমুরিয়া কল্যাণ সমিতির সভাপতি এ্যাডঃ আবুল কাশেম, এ্যাড হেমন্ত সরকার, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের সভাপতি এস এম দেলোয়ার হোসেন, নাগরিক নেতা জামাল মোড়ল, সদর ডাকবাংলা ব্যবসায়ী সমিতির সদস্য মোল্লা আলী আহমেদ, ছাত্র ইউনিয়ন নেতা নাহিদ হাসান প্রমুখ। সমাবেশে নাগরিক নেতৃবৃন্দ বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে খুন-ধর্ষণ হত্যা বেড়েই চলেছে। এই ৫৪ বছরে দেশের অবস্থার পরিবর্তন ঘটলেও ব্যবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। আমরা চাই রাষ্ট্র ও সমাজের ব্যবস্থার পরিবর্তন। রাষ্ট্র বা সরকার দ্বারা দেশের জনগণ নিরাপত্তা পাবে, জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। কর্মসংস্থানের নিরাপত্তা পাবে। নেতৃবৃন্দ খুলনাসহ সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকীকরণের জন্য প্রশাসনের পাশাপাশি সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button