স্থানীয় সংবাদ

খুলনা জেলা পরিষদ নিয়ে দূর্নীতি ও অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবী

# খুলনা নাগরিক সমাজ #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা পরিষদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও সীমাহীন দূর্নীতির অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। সংগঠনের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এক বিবৃতিতে এ দাবী জানান। সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত বিবৃতিতে বলা হয়, খুলনা জেলা পরিষদের বিরুদ্ধে দীর্ঘদিনের অনিয়ম-দূর্নীতির অভিযোগের জনশ্রুতি এবং উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া সময়ের দাবী। পুরো জেলা এলাকায় জেলা পরিষদের বিভিন্ন সম্পদ ইতিপূর্বে জেলা পরিষদের সাথে সংশ্লিষ্টরা বিভিন্নভাবে আত্মসাত করেছেন। যা বিভিন্ন সময়ে গণমাধ্যম ও জনসম্মুখে আসলেও বিগত সরকারের আশ্রয়-প্রশ্রয়ে হওয়া লুটপাটের কোনো তদন্ত বা শাস্তি হয় নাই। বিশেষ করে সম্প্রতি স্ট্যান্ড রিলিজ হওয়া প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ব্যাপক। এব্যাপারে ভুক্তভোগীরা বিভিন্নভাবে চেষ্টা করেও তাদের প্রতিকার পাচ্ছেন না। তার অনিয়মের প্রতিবাদ করলে বিভিন্ন লোককে ইতিপূর্বে মিথ্যা মামলাসহ নানানভাবে হয়রানী করে অনেককে পথে বসিয়েছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে খুলনা থেকে স্ট্যান্ড রিলিজ করলেও স্ব-পদে বহাল থাকার জন্য তদ্বির চালিয়ে যাচ্ছেন বলে জনশ্রুতি রয়েছে। এব্যাপারে আইনের ব্যাত্যয় না ঘটিয়ে দাপ্তরিক নির্দেশনা বহাল রেখে উত্থাপিত অভিযোগের দ্রুতসময়ের মধ্যে তদন্ত এবং প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ অতীব জরুরী বলে মনে করেন নেতৃবৃন্দ। কারণ, জেলা পরিষদের সম্পদ জনগণেরই সম্পদ, অথচ অতীতে ক্ষমতাসীনদের ম্যানেজ করে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে ব্যাপক অনিয়ম করা হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের পর বর্তমান ক্ষমতাসীনদের মধ্যে সুবিধাবাদী-কুচক্রীমহলকে ম্যানেজ করে দূর্নীতিবাজ চক্রটি বহাল তবিয়তে আছেন বলে জনশ্রুতি রয়েছে। বিবৃতিদাতারা জেলা পরিষদের মূল্যবান সম্পদ রক্ষায় এবং রাজস্ব আয় বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুস্কৃতিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button