কয়রায় রেকর্ডিয় সম্পত্তি জবরদখল ও ডিসিআর জালিয়াতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় রেকর্ডিয় মালিকানা স্বত্বের সম্পত্তি জোরপূর্বক দখল এবং (ডিসিআর) প্রদানের ক্ষেত্রে জালিয়াতির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ এই সম্মেলন করেন উপজেলার ৪নং কয়রা গ্রামের আলহাজ্ব শেখ মুনছুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি তার পারিবারিক রেকর্ডীয় সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনে এর সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলহাজ্ব শেখ মুনছুর রহমান বলেন , খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা মৌজার সিএস ২৫৫ খতিয়ানের রেকর্ডীয় মালিক বরদা কান্ত খা ও জ্ঞানদা কান্ত খা-এর নিকট থেকে তারা ক্রয় সূত্রে ১৪.১৫ একর সম্পত্তির মধ্য থেকে ৫.৬৬২৫ সম্পত্তির বৈধ ক্রেতা। এই সম্পত্তি সিএস ২৫৫ খতিয়ানের ধারাবাহিকতায় এসএ ৩৯৩ খতিয়ানে যথাক্রমে ৩৯৩২, ৩৯৩৪ এবং ৪১০৪ দাগে রেকর্ডভুক্ত। প্রায় ৭০ থেকে ৭৫ বছর ধরে তারা এই জমি দলিল এবং নামজারির মাধ্যমে কর খাজনা প্রদান করে ভোগদখল করে আসছেন। ভুক্তভোগী অভিযোগ করেন, তাদের এই সম্পত্তির মধ্যে ১০৮/৭৭-৭৮ সালে ভিপি গেজেটে ৩৯৩২ এবং ৪১০৪ দাগ দুটি “খ” তালিকাভুক্ত হয়। পরবর্তীতে ২০১২ সালে আবারো একই সম্পত্তি জ্ঞানদা কান্ত খা এর অংশ ভিপি ক তালিকায় অন্তর্ভুক্ত হয় তবে ৩৯৩৪ দাগটি গেজেটে অন্তর্ভুক্ত ছিল না। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এ সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সঠিক তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন এবং পূর্বের বাতিল হওয়া ডিসিআর পুনরায় তার অনুকূলে ও তার রেকর্ডিও খাস দলীয় সম্পত্তি ফিরে পাওয়ার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।



