খালিশপুর নয়াবাটিমোড়ে বাড়ি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে এক ব্যক্তিকে মারধর

স্টাফ রিপোর্টার: নগরীর খালিশপুর নয়াবাটিমোড়ে দুর্বৃত্তরা বাড়ি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে কবির (৩৫) নামের এক ব্যক্তিকে মারধর করেছে। জাসাসের এক নেতার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী এ কাজটি করেছে বলে ভিকটিম অভিযোগ করেছেন। গত ২১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে নয়াবাটিমোড় হাউজিং এষ্টেট এনএল-২৪নং বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এ ঘটনায় খালিশপুর থানায় অভিযোগ দাখিল করেছে। অভিযোগ দাখিলের সত্যতা স্বীকার করে ওসি বলেন, অভিযোগটি তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। দাখিলকৃত অভিযোগ উল্লেখ করা হয়, ভিকটিম কবির দীর্ঘ দিন যাবৎ ওই বাড়িতে স্বপরিবারে বসবাস করছেন। কিন্তু একটি চক্র ওই বাড়িটি দখলের জন্য নানাভাবে চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এলাকার মামুন (৩৭), বাপ্পি (৪০), দিপ (৩০)সহ ১০/১২ জন ওই বাড়িতে চড়াও হয়। তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, “৫০ বছর ধরে আমারা আপনার থানাধীন উল্লিখিত ঠিকানায় বৈধভাবে বসবাস করে আসছি। ৫ অগস্ট সরকার পতনের পর থেকে আমার এলাকার কিছু অসাধু ও সন্ত্রাসী প্রকৃতির প্রতিবেশি আমার বৈধ জমি দখলের উদ্দেশ্যে আমার উপর নানা রকম হুমকি-ধামকি প্রদান করতে থাকে। তারা আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে আমাকে হয়রানি করছে। তারই ধারাবাহিকতায় ২১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ১০/১২ জন দুর্বৃত্ত আমার বাড়িতে প্রবেশ করে আমাকে চর-থাবা, লাথি-ঘুশি দিয়ে মারধর করে এবং বাঁশ দিয়ে মেরে হত্যার চেষ্টা চালায়। শুধু তাই নয়, আমার ঘরের মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে। এতে আমি ও আমার পরিবার মারাত্মক ভীত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। উল্লেখ্য, এই সন্ত্রাসী গ্রুপটি শুধু আমারই নয়, এলাকার বিভিন্ন স্থানের জমি জোরপূর্বক দখল করার সাথে জড়িত। তাদের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পায় না।” নাম প্রকাশ না করার শর্তে ১০নং ওয়ার্ডের একজন বিএনপি নেতা বলেন, জাসাসের একজন নেতা দলের প্রভাব বিস্তার করে ভাড়াটিয়া লোকজন দিয়ে বাড়িটি দখলের চেষ্টা করছে। একজন সেনা সদস্যের নামে সাইনবোর্ড দিয়েছিল ওই বাড়িতে। ওটি সরানো হয়।



