বেনাপোল পোর্ট থানা এলাকায় ষ্টীলের চাকুসহ সন্ত্রাসী গ্রেফতার

যশোর বুরো ঃ প্রকাশ্যে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনসাধারনের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে মারুফ হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বুধবার বিকালে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা পশ্চিমপাড়া ভাটার মোড় বাইতুল আমান মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। এ ঘটনায় বুধবার রাতে বেনাপোল পোর্ট থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন বেনাপোল পোর্ট থানার এসআই রাশেদুজ্জমান।
মামলায় তিনি উল্লেখ করেন,গত বুধবার ২৭ আগষ্ট বিকালে গোপন সূত্রে খবর পান উল্লেখিত স্থানে কতিপয় ব্যক্তিরা স্থানীয় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কুটাবাড়ি হেলাতলা গ্রামের বাবর আলীর ছেলে ফারুক হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭শ’ টাকা কেড়ে নেয়ে। ঘটনার বিষয় স্থানীয় লোকজন সোচ্চারের ভূমিকায় থাকায় সন্ত্রাসীদের গ্রেফতারে আর কোন বাঁধ নেই। পরবর্তীতে উল্লেখিত সন্ত্রাসীরা স্থানীয় লোকজনকে দেখে নেওয়ার হুমকী ধামকী অব্যাহত রাখে। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ সন্ত্রাসী মারুফ হোসেনকে একটি দেশীয় তৈরী অস্ত্রসহ আটক করে। মারুফ হোসেন ধরা পড়লেও তার সহযোগি দু’জন পালিয়ে জীবনযাপন করে যাচ্ছে। মারুফ হোসেনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়।



