রূপসায় পুলিশ সদস্যর ফ্লেক্সিলোডের দোকানে প্রতারণা

# রক্ষক যখন ভক্ষক #
# ৩৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে আত্মসাতের অভিযোগ #
স্টাফ রিপোর্টার ঃ রূপসা উপজেলার খানজাহান আলী সেতু (রূপসা সেতু) ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য পিয়াস (৩২) পূর্ব রূপসা বাজারে দুটি ফ্লেক্সিলোড দোকান থেকে প্রতারণার মাধ্যমে ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের হাতে ধরা পড়েছে। তাকে বর্তমানে থানা পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, গত পরশু গভীর রাতে রূপসা সেতু ক্যাম্পের পুলিশ পিয়াস খুলনা মেট্রো হ ১১-৭৫৮০ নম্বরের একটি আর টি আর গাড়ী নিয়ে ব্যবসায়ী আব্দুল্লাহর ফ্লেক্সিলোডের দোকানে গিয়ে বিকাশের মাধ্যমে একটি মোবাইলে ২০ হাজার টাকা প্রেরণ করেন অতঃপর তিনি বিকাশ ব্যবসায়ীকে টাকা না দিয়ে কৌশলে জাহিদের ফ্লেক্সিলোডের দোকানে গিয়ে ১৫,০০০ টাকা একই কায়দায় বিকাশের মাধ্যমে প্রেরণ করে। এখানেও সে টাকা না দিয়ে গাড়ী নিয়ে পালানোর প্রস্তুতি গ্রহণ করার সময় ব্যবসায়ীরা তাকে আটক করে এবং স্থানীয় পূর্ব রূপসা ক্যাম্প পুলিশকে জানায়। খবর পেয়ে পূর্ব রূপসা ফাঁড়ির এস আই আকরাম হোসেন সহ থানা থেকে আগত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ব্যক্তি পিয়াস কে হেফাজতে নেন এবং ঘটনার সত্যতা পেয়ে পুলিশ তার মোটরসাইকেল ও দুটি মোবাইল সেট জব্দ করে ব্যবসায়ীদের টাকা পরিশোধ করার আশ্বাস দিয়ে থানায় নিয়ে যায়। পরদিন পুলিশ আব্দুল্লাহর ফ্লেক্সিলোডের ২০ হাজার টাকার মধ্যে সাড়ে ১৯ হাজার টাকা পরিশোধ করা হয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জাহিদের পাওনা ১৫ হাজার টাকা পরিশোধ করা হয়নি। অভিযুক্ত পুলিশ সদস্যকে থানা পুলিশ হেফাজতে রেখেছে। উল্লেখ্য এই পুলিশ সদস্য দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে এভাবে প্রতারণা করে আসছে। তার ব্যবহারিত গাড়ীটির ভুয়া কাগজপত্র ও পুলিশের ক্ষমতা বলে রাস্তায় চলাচল করতো। তার বিরুদ্ধে এ ধরনের প্রতারণার আরো অভিযোগ রয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করে। তবে এ ব্যাপারে পুলিশের উর্দ্বতন কোন কর্মকর্তা মুখ খোলেননি।



