যশোরে চাঁদা না দেওয়ায় কসাই আহত : টাকা ছিনতাই

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধর্মতলায় চাঁদাবাজদের হামলায় নজরুল ইসলাম (৪২) নামে এক কসাই আহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম (কসাই নজরুল) আরবপুর কাঁচাবাজারে মা-বাবা মিট হাউজের সামনে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় দীর্ঘদিন ধরে দাবিকৃত ৩ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একই ইউনিয়নের মহুরী মাসুদুর রহমান টিটু গাজী (৪৫) মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দেন। পরে টিটু গাজী লাথি ও কিল-ঘুষি মেরে নজরুলকে আহত করেন। একপর্যায়ে তার কাছে থাকা নগদ ৮৭ হাজার ৪৩২ টাকা ছিনতাই করে পালিয়ে যান।
চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে নজরুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



