বাগেরহাটের সুন্দরবনে ভ্রমণে এসে সাগরে গোসলে নেমে কিশোর পর্যটক নিখোঁজ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে সমুদ্রে গোসলে নেমে মাহিত আব্দুল্লাহ(১৬) নামের একজন কিশোর নিখোজ হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সুন্দরবনের কচিখালী ডিমেরচর এলাকায়। নিখোঁজ পর্যটক মাহিত আব্দুল্লাহ রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসিন্দা। শনিবার সন্ধ্যা পর্যন্ত বনরক্ষীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশি চালাচ্ছেন বলে জানা গেছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে এমভি দি এক্্রপ্লোরার নামের একটি জাহাজ শনিবার সকালে কচিখালীতে নোঙ্গর করে। পর্যটকেরা নৌকায় করে ডিমেরচর সমুদ্র সৈকতে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার পিতা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সঙ্গে সমুদ্রে গোসল করার সময় আকস্মিকভাবে মাহিত সমুদ্রে তলিয়ে যায়। জাহাজ স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষনিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তল্লাশি করে খোঁজ পায়নি। ট্যুর অপারেটর অব সুন্দরবন এ্যাসোসিয়েশন (টোয়াস) এর সেক্রেটারি নাজমুল আযম ডেভিট জানান, পর্যটক নিয়ে জাহাজ ‘এমভি দি এক্্রপ্লোরার’ শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে। জাহাজটি সুন্দরবন ঘুরে রবিবার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেওয়ার কথা ছিল। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মোংলাস্থ নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে এবং ইতিমধ্যে নৌবাহিনী ডিমেরচরে রওয়ানা হয়েছেন বলে টোয়াসের সেক্রেটারি জানিয়েছেন। পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাটের ডিএফও মো. রেজাউল করীম চৌধুরী সাংবাদিকদের বলেন, ডিমেরচরে সমুদ্রে নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্পিডবোট নিয়ে বনরক্ষীরা তল্লাশি চালাচ্ছেন এবং এ বিষয়ে নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।



