স্থানীয় সংবাদ

চুলকাটিতে গরু চুরি মামলার রিমান্ডের আসামি মৃত্যু

চুলকাটি প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগান্ধি উত্তর পাড়া গ্রামে গরু চুরির ঘটনায় বাগেরহাট মডেল থানায় দায়কৃত মামলায় রিমান্ডে থাকা মোজাফফর (২৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় জেলা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মোজাফফর বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে। পুলিশ জানায়, গত (১৮ সেপ্টেম্বর) রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ ও গরু চুরির সন্দেহে চারজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওইদিনই তাদের আদালতে সোপর্দ করলে কারাগারে পাঠানো হয়।
দায়ের করা আসামীরা হলেন ফকিরহাটের বৈলতলী গ্রামের জনি ঢালী (৪৪), রামপালের চাঁদপুর, ভাগা ও পবনতলা গ্রামের আজাদ শেখ (৩২), মোজাফ্ফর (২৬), হান্নান মোল্লা (৩৫)। পরে পুলিশের আবেদনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকালে মোজাফফর অসুস্থ হয়ে পড়লে সহআসামিরা পুলিশকে জানায়। সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে দুপুর ১২টা পর্যন্ত কোনো স্বজনকে পাওয়া যায়নি। বাগেরহাট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান বলেন, সকালে দায়িত্বরত চিকিৎসক পুলিশের নিয়ে আসা রোগীকে সেবা দেন। ইসিজি করে দেখা যায় গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে। খুলনায় স্থানান্তরের পরামর্শ দেয়া হলেও সকাল ৮টার মধ্যেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। সকালে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে হাসপাতালে নেয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button