স্থানীয় সংবাদ

যারা এদেশে জন্মগ্রহণ করেছে, তারাই বাংলাদেশী

# নতুন বস্ত্র বিতরণকালে এড. মনা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নতুন শাড়ি বিতরণই তার প্রমাণ। তারেক রহমান পরিষ্কার করে বলেছেন-বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, যারা এদেশে জন্মগ্রহণ করেছে, তারাই বাংলাদেশী। সবার সমান অধিকার রয়েছে। বিএনপি ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, আগামীতে শান্তিপূর্ণ পরিবেশে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নববস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি মায়ের নামে ফ্যামিলি কার্ড থাকবে, যার মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল কেনা যাবে। একইসাথে হেলথ কার্ডের মাধ্যমে সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া যাবে। ৭১ সালে যারা বাড়িঘর লুট করেছে, ধর্ষণ করেছে, তারা এখন বেহেশতের টিকিট বিক্রি করতে চায়। এদের থেকে সাবধান থাকতে হবে। তিনি মন্দির রক্ষায় সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং আসন্ন দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদযাপনের আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতলা বাড়ি মন্দির কমিটির সভাপতি শ্রী সুজিত সাহা, সাধারণ সম্পাদক শ্রী বিজয় কুমার ঘোষ, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, খুলনা মহানগর পূজা ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ উপস্থিত ছিলেন, সুজনা জলি, মেশকাত আলী, মাহাবুবউল্লাহ শামীম, আসাদুজ্জামান লিটন, হাবিবুর রহমান হাবিব, আবু সাঈদ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button