মোল্লাহাটে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে পড়ে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কুলিয়া ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিশু আবু তালহা(৫) বেদবাড়িয়া গ্রামের রাজীব শেখের একমাত্র পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি বাড়ির আঙিনায় খেলতে খেলতে সকলের চোখের আড়ালে পাশের পুকুরে পড়ে যায়। একদা তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। প্রতিবেশীরা মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সন্দেহবসত পুকুরে খুঁজতে নামে। সেখান থেকে আবু তালহার নিথর দেহ উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু তালহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, পুকুরের ঘাট এলাকায় কোনো সুরক্ষা বেষ্টনী না থাকা এবং জনসাধারণের অসচেতনতাই এই দুর্ঘটনার কারণ।
এবিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান, উপজেলার ৪ নং কুলিয়া ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামে নিজ বাড়ির পুকুরে পড়ে আবু তালহা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি একটি হৃদয় বিদারক ঘটনা, যা আমাদের সচেতনতা বৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করছে। পুকুরে বা নদী-নালায় শিশুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।


