জাতীয় সংবাদ

বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে: জামায়াত আমির

প্রবাহ রিপোর্ট ঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিলেন। কিন্তু সরকার তা বাস্তবায়ন না করে অপমান করেছে। আমরা সেই অপমানের প্রতিশোধ নিতে এসেছি। তবে জনগণের রায় বাস্তবায়ন করতে বিএনপিই বাধ্য হবে। বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষ্যে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, আমরা কোনো দলীয় দাবি নিয়ে এখানে আসিনি। আমরা এসেছি আপনাদের (জনগণের) দাবি আদায়ের জন্য। সরকারকে আমরা বলেছি, আজ আমরা ৮ দফা দাবি নিয়ে নেমেছি। জনগণের প্রয়োজনে এই ৮ দফা যে কোনো সময় ১ দফায় পরিণত হতে পারে। ডা. শফিকুর রহমান বলেন, আজকের লংমার্চ সব জায়গায় চাঁদাবাজি বন্ধ করতে, আমাদের এই লংমার্চ দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশটাকে দুর্নীতিমুক্ত করার দাবিতে, আমাদের এই লংমার্চ আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা থেকে উত্তরণের জন্য, আমাদের এই লংমার্চ নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ও এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button