দৌলতপুরে পুলিশের সফল অভিযান

# দু’ চোরসহ ১৫ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার #
স্টাফ রিপোর্টারঃ নগরীর দৌলতপুর মহেশ্বরপাশায় চুরির ঘটনায় দু’চোরকে পুলিশ গ্রেফতার করেছে। একই সাথে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে। মহেশ্বরপাশা ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করা হয়। তিনি জানান, মহেশ্বরপাশা শিকারীর মোড়ে রুম্মানের বাড়িতে চুরি হয়। এ ঘটনায় ৮ নভেম্বর দৌলতদপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত করেন মহেশ্বরপাশা ফাড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি গোপন সংবাদের ভিত্তিতে কার্তিককুল মুচিপাড়া থেকে আল আমিন (৩০) নামের এক চোরকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে শনিবারে পুলিশ যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরেক চোর বিশ্বজিৎ অধিকারীকে (৫০) গ্রেফতার করেন। আল আমিন কার্তিককুল মুচিপাড়ার বাসিন্দা হারুন শেখের ছেলে। আর বিশ্বজিৎ যশোর কোতয়ালী থানার নীলগঞ্জ গ্রামের বাসিন্দা মৃত দুলাল অধিকারীর ছেলে। তাদের কাছ থেকে চুরি যাওয়া সাত ভরি দু’ আনা স্বর্ণালংকার ও এক ভরি দু’ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান। উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা কিছু দিন আগে দৌলতপুর লঞ্চঘাট ফাঁড়ির দায়িত্বে ছিলেন। তিনি থাকাবস্থায় এলাকার মাদক, জুয়া ব্যবসায়ীরা ছিল অতিষ্ঠ। ছিল ফুটপাত দখলদাররা বিরক্তে। তিনি চলে আসার পর আবারও ওই এলাকায় এসব ব্যবসা চলছে রমরমাভাবে। পুলিশ যেন জেগে ঘুমাচ্ছে।


