স্থানীয় সংবাদ

খুলনায় মিস্টি বিতরণ, ছবিতে জুতা নিক্ষেপ, শেখ বাড়িতে অগ্নিসংযোগ

শেখ হাসিনার ফাঁসির রায়

স্টাফ রিপোর্টার : ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে খুলনা মহানগরীতে মিষ্টি বিতরণ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সময় শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। সোমবার মহানগরের শিববাড়ি মোড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ কর্মসূচি পালন করে।
এদিকে, এছাড়া রায় ঘোষণার পরপরই খুলনার শেখ বাড়ি খেত শেখ হাসিনার চাচা আবু নাসেরের বাড়িতে ভাঙচুর অগ্নি সংযোগ করা হয়। এ সময় হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের রায় দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়।
অন্যদিকে রায়কে কেন্দ্র করে খুলনা মহানগরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
জুলাই যোদ্ধা ও ছাত্র জনতার প্রতিনিধি আহাম্মদ হামিম রাহাত বলেন, আজ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায়ে ফাঁসির দন্ড হযওয়ায় ছাত্র-জনতা সন্তোষ প্রকাশ করেছে। তারই অংশ হিসেবে কেউ কেউ মিষ্টি বিতরণ করে আনন্দ উপভোগ করছে। এছাড়া রায় উপলক্ষে রোববার রাতেই নগরীর শিববাড়ি মোড়ে শেখ হাসিনার বিকৃত ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী বেলা ১১ টা থেকে জুতা নিক্ষেপ কর্মসূচি শুরু হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ও জুলায় যোদ্ধাসহ সাধারণ মানুষ জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আদালত কর্তৃক ঘোষিত ফাঁসির দন্ড দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়। এছাড়া রায় ঘোষণার পর নগরীর শেরেবাংলা রোডস্থ শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, খুনি হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে। আর কেউ যেন হাসিনার মতো রক্ত চোষা স্বৈরাচার হয়ে উঠতে না পারে তার জন্য হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর করতে হবে। হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।
এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা উপলক্ষে সকাল থেকেই নগরীতে সেনা টহলসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নগরীর শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের একাধিক টিম অবস্থান নিয়ে নিরাপত্তা জোরদার করে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সোনাডাঙ্গা থানার ওসি মো. কবির হোসেন জানান, শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছেন। নিরাপত্তায় সকলে সতর্ক অবস্থানে রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button