স্থানীয় সংবাদ

অভয়নগরের সাবেক এমপি রণজিৎসহ ৬১ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

অভয়নগর (যশোর ) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগরে সন্ত্রাস বিরোধী আইনে সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০–৪০ জনকে আসামি করে মামলা (নং-৭) দায়ের করেন। বিষয়টি বুধবার নিশ্চিত করেন থানা ওসি কে এম রবিউল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, গত রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া সরকারি কলেজসংলগ্ন সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে একটি সরকারবিরোধী মশাল মিছিল হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই এ মামলা করা হয়েছে।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায়,অভয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, জেলা আওয়ামী লীগ সদস্য আরশাদ পারভেজ, শ্রমিকলীগ নেতা রবিন অধিকারী ব্যাচা, উপজেলা যুবলীগের আহ্বায়ক তালিম হোসেন, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দসহ মোট ২১ জন নামীয় আসামি। ওসি রবিউল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button