জাতীয় সংবাদ

আলিম পরীক্ষায় শূন্যপাস ২৫ মাদ্রাসাকে শোকজ

প্রবাহ রিপোর্ট ঃ এ বছর আলিম পরীক্ষায় ২৪টি মাদ্রাসা থেকে কেউ পাস করেননি। এসব শূন্যপাস মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এবার এমপিওভুক্তি হারাচ্ছেন। মাদ্রাসাগুলোর এমপিওভুক্তিকরণ স্থগিত প্রক্রিয়ার অংশ হিসেবে অধ্যক্ষদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কেন তাদের এমপিও সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এসব নোটিশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধানকে পাঠানো হয়েছে।নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুষ্ঠিত ২০২৫ সালের আলিম পরীক্ষায় পল্লবীর বাউনিয়াবাঁধ ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এক জন পরীক্ষার্থী অংশ নেন এবং পাসের হার শূন্য শতাংশ। যা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর ৫.৪ অনুচ্ছেদের পরিপন্থি। আপনার প্রতিষ্ঠানের এহেন কর্মকা- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এতে আরও উল্লেখ করা হয়, এমন পরিস্থিতিতে আলিম পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে আপনার প্রতিষ্ঠানের সব শিক্ষক-কর্মচারীর এমপিও সাময়িক স্থগিত বা স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।একই ভাষায় বাকি ২৪টি মাদ্রাসাকেও শোকজ নোটিশ দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলো হলো- ঢাকার মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসা, আদর্শ ইসলামিয়া মিশন মহিলা কামিল মাদ্রাসা, মুন্সীগঞ্জের মাসাদগাঁও এ এল কে আলিম মাদ্রাসা, ময়মনসিংহের ভবানীপুর বেতবাড়ী মহিলা ফাজিল মাদ্রাসা, বৈরাটি আলিম মাদ্রাসা, কোনাবাড়ি ইসলামিয়া গার্লস আলিম মাদ্রাসা, মোহাম্মদপুর সানাউল্লাহ আলিম মাদ্রাসা।ঢাকার বাইরের মাদ্রাসার মধ্যে রয়েছে জামালপুরের মালমারা ইসলামিয়া আলিম মাদ্রাসা, রাজশাহীর আলীগঞ্জ দারুস সুন্নাত আলিম মাদ্রাসা, সিরাজগঞ্জের বাঘাবাড়ি ফাজিল মাদ্রাসা, বানীয়াকান্দি আলিম মাদ্রাসা, পুকুরপাড় এস এন্ড বি ফাজিল মাদ্রাসা, বগুড়ার দেবখ- সিনিয়র ইসলামিয়া আলিম মাদ্রাসা, লালমনিরহাটের মদিনাতুল উলুম ডি এস মহিলা আলিম মাদ্রাসা, দিনাজপুরের ভালকা জয়পুর আমিনিয়া ফাজিল মাদ্রাসা, ঠাকুরগাঁওয়ের ভেড় ভেড়ি আলিম মাদ্রাসা। বরিশালের সাহেবপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা, দেওলি মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসা, পিরাজপুরের তফালবাড়িয়া হোসাইনিয়া আলিম মাদ্রাসা, বরগুনার রানীপুর কেওড়াবুনিয়া ইশহাকিয়া আলিম মাদ্রাসা, নোয়াখালীর হোসেনপুর দারুসসুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা, কুমিল্লার জয়পুর মরহুম বাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, কুমিল্লার আয়াতপাড়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসা, নড়াইলের কালিয়া আলিম মাদ্রাসা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button