জাতীয় সংবাদ

মেডিক্যাল বোর্ড বললেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

প্রবাহ রিপোর্টঃ মেডিক্যাল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমে এ কথা জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতারের কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।
এনামুল হক চৌধুরী বলেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। সেভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। মেডিক্যাল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেঞ্জ করেছে।
জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জার্মানি থেকে অ্যাম্বুলেন্সৃ এটা ঠিক আছে। আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে দিচ্ছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের জন্য রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে সবকিছু হচ্ছে। এখানে আমাদের কিছু নেই।
তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। ক্রিটিকাল কেয়ার ইউনিটে তাকে নিবিড় পযর্বেক্ষণে রাখা হয়েছে। গত দুই দিনে মেডিক্যাল বোর্ড কিছু পরীক্ষা করেছে, তার প্রতিবেদনও তারা পর্যালোচনা করছেন।
তিনি আরও বলেন, শুক্রবার (৫ ডিসেম্বর) দুই দফা মেডিক্যাল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিদিনই বোর্ডের সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button