জাতীয় সংবাদ

কোন ব্যক্তি-দলের জন্য নির্বাচন আগানো-পেছানোর অবস্থা নেই: সারজিস

প্রবাহ রিপোর্ট ঃ ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন পেছানো বা আগানোর অবস্থা নেই। গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সারজিস আলম জানান, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, অন্তবর্তী সরকারের এই ঘোষণার প্রতি তাদের আস্থা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, অভ্যুত্থানের ১৬ মাস পেরিয়ে গেছে, তারেক রহমান দেশে ফেরা নিয়ে নিজে কোনো বাধা অনুভব করতে পারেন। কিন্তু আমাদের জায়গা থেকে, রাজনৈতিক দলগুলো থেকে, সাধারণ মানুষের পালস থেকে বুঝতে পারি, এই বাংলাদেশে তিনি এলে তার জন্য কোনো সমস্যা তৈরির সুযোগ নেই। নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ তোলেন সারজিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগ যা, জাতীয় পার্টিও তা। ভারতে গিয়ে দাসত্ব করেছে, সেখানকার পরামর্শে এসে দেশের মানুষকে ধোঁকা দিয়েছে। আওয়ামী লীগের সহযোগী হয়ে এমপি হয়েছে, সুযোগ-সুবিধা নিয়েছে। আওয়ামী লীগকে যেমনি সরকার বিচারের সম্মুখীন করেছে, তেমনি জাতীয় পার্টিকেও বিচারের সম্মুখীন করা উচিত। সারজিস আলম পরে সাংবাদিকদের জানান, সন্ধ্যার মধ্যে এনসিপির প্রথম পর্যায়ে সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত করা মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমসহ ঠাকুরগাঁও জেলার নবগঠিত আহ্বায়ক কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button