শনিবারের মধ্যে আগাম প্রচার সামগ্রী না সরালে ব্যবস্থা: ইসি

প্রবাহ রিপোর্ট ঃ আগামীকাল শনিবারের মধ্যে নিজ উদ্যোগে আগাম প্রচার সামগ্রী না সরালে সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠিও দিয়েছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা জাতির উদ্দেশে ভাষণে গণভোট ও সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আইন অনুযায়ী, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচার সামগ্রী সরাতে হয়। নির্বাচনী আচরণ বিধির বিষয়টি উল্লেখ করে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন চিঠি দিয়েছেন। এতে বলা হয়েছে, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের প্রচার সামগ্রী সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগাম প্রচার সামগ্রী না সরালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৫ ডিসেম্বরের মধ্যে ভোট কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করার নির্দেশ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল হতে বেসরকারী ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বাদ দিয়ে প্যানেল প্রস্তুতের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে, ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না গেলে বেসরকারী ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই বাছাই করে নিয়োগ করা যাবে। এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে নির্বাচন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের জন্য নির্দেশ করা হলো।



