দিনাজপুরের ৫টি আসনে বিএনপি, একটিতে স্বতন্ত্র বিজয়ী

প্রবাহ রিপোর্ট ঃ ১৩ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুরের ছয়টি আসনে মধ্যে ৫ টিতে বিএনপি এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী ও সদ্য বহিষ্কৃত) বিজয়ী হয়েছেন। দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের ফলাফল ঘোষণা করেন এবং তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
দিনাজপুর-১: বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে জানা গেছে, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১২৯টি কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৮১ ভোট।
দিনাজপুর-২: বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-২ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাদিক রিয়াজ। প্রাপ্ত ফলাফলে জানা গেছে, বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১১৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাদিক রিয়াজ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আফজালুল আনাম পেয়েছেন এক লাখ ৪ হাজার ৮৮৭ ভোট।
দিনাজপুর-৩: এ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে জানা যায়, সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাইনুল আলম পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট।
দিনাজপুর-৪: খানসামা ও চিরিরবন্দর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোট ১৩১টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আফতাব উদ্দিন মোল্লা পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।
দিনাজপুর-৫: দিনাজপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী ও সদ্য বহিষ্কৃত) এ জেড এম রেজওয়ানুল হক। প্রাপ্ত ফলাফলে জানা যায়, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনে তালা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী ও সদ্য বহিষ্কৃত) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকে ডা আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট। এ ছাড়াও এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান পেয়েছেন ৯৮ হাজার ৫৪৪।
দিনাজপুর-৬: দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে জানা যায়, হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে পোস্টালসহ মোট ২০০টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন পেয়েছেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকে আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।



