নগরীতে বিক্ষুব্ধ জনতার দুই মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর

মাদক ব্যবসায়ীর স্ত্রী-ভাইসহ আটক চার
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় চুরির ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা দুই মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর করেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক মাদক ব্যবসায়ীর স্ত্রী ও তার ভাইসহ চারজনকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর বি কে মেইন রোডস্থ বড় মসজিদের পাশে অবস্থিত মা টেলিকমের মালিক মিলন ম-ল ও পার্শ্ববর্তী আলতাফ স্টোরের মালিক মো. আলতাফ হোসেনের দোকানে চুরির ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, বি কে মেইন রোডস্থ ইসমাইল মঞ্জিলের বাসিন্দা মৃত ইসমাইলের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী পরাগ (৪৪) নিজ বাড়িতে নিয়মিত মাদকের আসর ও বেচাকেনা চালিয়ে আসছিল। পরাগের কাছ থেকে মাদক কিনতে আসা মাদকসেবীরা ঐ এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকা- পরিচালনা করছে। ঐ চুরির ঘটনায় বিক্ষুব্ধ হয়ে এলাকার মানুষ পরাগের বাড়ি ইসমাইল মঞ্জিল ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা পরাগের স্ত্রী ও তার ভাই সৌরভকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর বিক্ষুব্ধ জনতা মৌলভীপাড়া সুলতান আহমেদ রোডের সাহেব আলী মোড়ের অপর চিহ্নিত মাদক ব্যবসায়ী জ্যোতির বাড়ির জানালার থাই গ্লাস ভাঙচুর করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মাদকের অভয়ারণ্যে পরিণত হওয়া এই এলাকায় চুরির ঘটনা নিত্যদিনের ব্যাপারে পরিণত হয়েছে। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে। পরে আরো দুইজনকে আটক করা হয়েছে। তবে গতকাল রাত ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে ওসি জানান।



