জাতীয় সংবাদ

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছে বিএনপি: আসিফ মাহমুদ

প্রবাহ রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে ক্ষমতায় এসেছে। গত শুক্রবার রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আসিফ মাহমুদ বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর বিভিন্ন স্থানে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দেওয়া হচ্ছে, যেখানে বিএনপির নেতাকর্মীরা ভূমিকা রাখছেন। এতে দুই দলের মধ্যে সমঝোতার ইঙ্গিত পাওয়া যায় বলে তিনি দাবি করেন। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েই বিএনপি নির্বাচনে জয়লাভের চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের আইনে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যক্রম চালু করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির এই নেতা। তিনি আরও অভিযোগ করেন, বেশ কয়েকটি আসনে ভোট কারচুপির মাধ্যমে এনসিপিকে হারানো হয়েছে। জোটবদ্ধভাবে ৩০টি আসনে অংশ নিয়ে ছয়টিতে জয় পেলেও অন্তত তিনটি আসনে ফল পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেন তিনি। ঢাকা-৮ ও পঞ্চগড়-১ আসনসহ কয়েকটি এলাকায় অনিয়মের অভিযোগ তুলে এসব আসনে পুনরায় ভোট গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানানো হবে বলে জানান। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের পর এনসিপির নেতাকর্মী ও জোটের প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। গভীর রাতে অসৎ উদ্দেশ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং অনেক আসনে রেজাল্ট শিটে একাধিকবার কাটাকাটি করে ফল পাল্টে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি দাবি করেন, বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী করাতে প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ফলাফল নিয়ে কারসাজি করেছে। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন এবং সম্ভাব্য সাংবিধানিক পরিবর্তন নিয়েও শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ষড়যন্ত্র সফল হবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button