কোনো বিশৃঙ্খলা-সহিংসতা বরদাশত করব না: শামা ওবায়েদ

প্রবাহ রিপোর্ট : ফরিদপুরের সালথায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা বরদাশত করা হবে না। গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের মাধ্যমে সালথাবাসীকে এ হুঁশিয়ারি ও আহ্বান জানান শামা ওবায়েদ। তিনি বলেন, প্রিয় সালথাবাসী, আপনারা ধৈর্য ধরুন এবং শান্ত থাকুন। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। শামা ওবায়েদ বলেন, এলাকায় বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা সবার দায়িত্ব। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে উত্তেজনা এড়িয়ে এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শনিবার সকাল থেকে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া এবং পাশের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে গত শুক্রবার দুপুরে সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে মসজিদের ভেতরে ভোট দেওয়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। স্থানীয়দের দাবি, আহতদের অধিকাংশই বিএনপি সমর্থক। তবে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের কথা বলা হয়েছে। ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শামা ওবায়েদ আরও বলেন, আজকের সহিংসতায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহযোগিতায় সবাই এগিয়ে আসুন। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সাধারণ মানুষের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সালথার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন ও জনপ্রতিনিধিরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ অব্যাহত রেখেছেন।



