ফেনীতে নির্বাচনের পর ছেলের ওপর হামলার খবর শুনে মায়ের মৃত্যু

প্রবাহ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী-৩ আসনের দাগনভূঞা উপজেলার হীরাপুরে গত শুক্রবার জয়নাল আবেদীন দুলাল নামে এক জামায়াত সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ খবর শুনে স্ট্রোকে তার মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুলালের স্বজন ও সহকর্মীদের অভিযোগ, দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে দুলালের ওপর হামলা চালিয়েছেন যুবদলের নেতা-কর্মীরা। আহত দুলাল ওই ইউনিয়নের হীরাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে তাকে দেখতে তাৎক্ষণিক সেখানে ছুটে যান জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। এসময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। এ ঘটনায় একই ইউনিয়নের উত্তর জায়লস্কর গ্রামের অহিদুর রহমানের ছেলে মোহম্মদ হাসানসহ স্থানীয় যুবদল নামধারী আরও কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে দুলাল দাবি করেছেন, এই হামলার ঘটনা শুনে রাতে স্ট্রোক করেছেন তার মা রৌশন আরা বেগম। গতকাল শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে জানতে অভিযুক্ত মোহাম্মদ হাসানের মোব্ইাল ফোনে বারবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে ফেনী-৩ আসনে বিজয়ী প্রার্থী বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু দুলালের সঙ্গে ফোনে কথা বলে তাকে সান্ত¡না প্রদান করেন এবং তার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন। ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, জামায়াত কর্মীকে মারধরের বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



