জাতীয় সংবাদ

ডা. শফিক ও নাহিদ ইসলামের বাসায় গেলেন তারেক রহমান

প্রবাহ রিপোর্ট : প্রধানমন্ত্রী হিসেবে শপথের একদিন আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন তারেক রহমান।
এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নিজ বাসায় বিএনপি নেতাকে অভ্যর্থনা জানান ডা. শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান এই সাক্ষাৎ করলেন।
পরে রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সৌজন্য সাক্ষাৎ করতে নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাতকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।’
পোস্টে আরও বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমীরের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন।’
নির্বাচনের পর বিএনপি এবং জামায়াত উভয় দলই ইতিবাচক রাজনীতির বার্তা দিয়েছে। জামায়াত আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সাক্ষাতকে সে প্রেক্ষাপটেই দেখছেন সংশ্লিষ্টরা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button