বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে বিকাশ পরিবেশকের দুই লাখ টাকা ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের ভয় দেখিয়ে বিকাশ পরিবেশকের নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিকাশে সেলস অফিসার সানি জাবির বাঁধনের কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। বৃহষ্পতিবার বেলা এগারোটার দিকে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় বিকাশের স্থানীয় পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে পুলিশ টাকা ছিনতাইকারীদের এখনো চিহ্নিত করতে পারেনি। পুলিশ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে। বাগেরহাটের পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী বলেন, টাকা লেনদেনের বেসরকারি প্রতিষ্ঠান বিকাশের স্থানীয় পরিবেশক মেসার্স জাবেদ এন্টারপ্রাইজে কর্মরত সেলস অফিসার সানি জাবির বাঁধন বৃহষ্পতিবার সকালে অফিস থেকে ব্যাগে নগদ তিন লাখ টাকা নিয়ে মোইরসাইকেলযোগে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে থাকা ৬ জন দুবৃর্ত্ত সেলস অফিসার সানি জাবিরকে বাগেরহাট সদরের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে কাছে থাকা ব্যাগ , একটি মুঠোফোন ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। ব্যাগে মোট তিন লাখ টাকা ছিল। এরমধ্যে সেলস অফিসার পথে বেশ কয়েকটি দোকানে লেনদেন করেছে। ছিনতাইকারীরা নগদ দুই লাখ টাকার মতো নিতে পেরেছে। ছিনতাইয়ের ঘটনা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. শামসুল আরেফিন বলেন, বিকাশের স্থানীয় পরিবেশকের দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ছিনতাইকারী কারা তাদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় সাধারণ ডায়েরি নয় নিয়মিত একটি মামলা নেওয়া হবে।#



