বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

প্রবাহ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্যদের শপথ শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা জেলার জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও জোটের এমপিরা।
যদিও জামায়াতের সংবিধান সংস্কার ইস্যুতে শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছিলেন, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না। পরে জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসে। বৈঠকে শপথের বিষয়ে সিদ্ধান্ত নেন তারা।



