স্থানীয় সংবাদ

জেলখানা ঘাটে নৌযানের বেপরোয়া চলাচল, অতিরিক্ত যাত্রী, ঘটছে দুর্ঘটনা

ট্রলারডুবিতে নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি অভিযান
নিখোঁজের পরিবারে চলছে আহাজারি

স্টাফ রিপোর্টার : খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ফেরি ও ট্রলারসহ নৌযানের বেপরোয়া চলাচলের কারণে প্রায়শ:ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং ঝুঁকিপূর্ণ চলাচলে দুর্ঘটনার আশংকা তৈরি হয়।
এদিকে, ভৈরব নদে ফেরি ও ট্রলারের ধাক্কায় রাকিব খান নামে (১৭) এক যুবক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযানে চালাচ্ছে নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা। নিখোঁজ রাকিব রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজী গ্রামের বাকের খানের ছেলে। নিখোঁজ রাকিব বিভিন্ন অনুষ্ঠানে নাচে অংশ নিতেন।
এর আগে মঙ্গলবার রাতে ভৈরব নদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা সকল যাত্রীকে উদ্ধার করা গেলেও রাকিব নামে এক যুবক নিখোঁজ রয়েছে।
এদিকে নিখোঁজ যুবক রাকিব খানের মামা কামরুল ইসলাম অভিযোগ করেছেন, তার ভাগ্নে ওই ট্রলারে ছিল। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আবুল খায়ের বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৪ টা পর্যন্ত আমরা রাকিবের সন্ধানে নদীতে ছিলাম। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ অভিযানে নৌ পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, রাকিব মঙ্গলবার রাতে বাড়ি ফেরার জন্য ট্রলারে ওঠেন এবং নিখোঁজ হন। তবে, বুধবার রাত পৌনে ১০টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বলেন, সকালে নিখোঁজ রাকিবের সন্ধানে পরিবারের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করেন। পরে সকাল ৯টার দিকে ডুবরীর একটি টিম ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এছাড়া ডুবে যাওয়া ট্রলারটিরও কোন সন্ধান পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button