ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির শাহাদাত বরণ

# এক মিনিটে খামেনিসহ ৪০ শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু : শোকে স্তম্ভিত ইরান
# খামেনির মেয়ে-জামাই, নাতি ও পুত্রবধূ নিহত
# ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা
প্রবাহ রিপোর্ট ঃ ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন রোরিং লায়ন’-এর প্রথম দফার হামলায় এক মিনিটের মধ্যে ৪০ জন শীর্ষ ইরানি সামরিক কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার (১ মার্চ) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে হামলাকে তারা ইরানের নেতৃত্বের পক্ষ থেকে আসা হুমকির বিরুদ্ধে ‘পূর্বপ্রস্তুতিমূলক আঘাত’ হিসেবে বর্ণনা করেছে। আইডিএফের ভাষ্য অনুযায়ী, অভিযানের শুরুতেই তেহরানের একাধিক স্থানে একযোগে বিমান হামলা চালানো হয়। ওই সময় ইরানের শীর্ষ নিরাপত্তা নেতৃত্বের সাতজন সদস্য একটি স্থানে অবস্থান করছিলেন বলে দাবি করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিতভাবে এই হামলা পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তীতে আইডিএফ নিশ্চিত করে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল আব্দুলরহিম মোসাভি নিহতদের মধ্যে রয়েছেন। ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দ যে শনিবার সকালে তেহরানের একটি সরকারি কমপাউন্ডে বৈঠকে বসতে যাচ্ছে, সে তথ্য আগেই জেনে গিয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। যুক্তরাষ্ট্র ওই তথ্য দেয় ইসরায়েলকে। এর ভিত্তিতে ইসরায়েল হামলার সময়সূচি পরিবর্তন করে দিনের আলোতেই আঘাত হানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ডজনখানেক শীর্ষ কর্মকর্তা সেই হামলায় নিহত হন। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে লিখেছে, ইসরায়েলি জঙ্গিবিমান খামেনির কমপাউন্ডে ৩০টি বোমা নিক্ষেপ করে। তাতে ওই কমপাউন্ড পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। অভিযান শুরু হয় ইসরায়েল সময় শনিবার সকাল ৬টার দিকে। তেহরান সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে, অর্থাৎ জঙ্গিবিমান ওড়ার দুই ঘণ্টা পাঁচ মিনিট পর কমপাউন্ডে আঘাত হানে বোমা। খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করলো তেহরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম এবং ফার্স নিউজ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খামেনির মৃত্যুতে রাষ্ট্রীয় টেলিভিশনে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের আইআরজিসির বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা গেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভির রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয়, শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ জ্যেষ্ঠ ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ ছিলেন। খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত ঃ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা এবং নাতি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রবিবার এ তথ্য জানিয়েছে। এদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম। দেশটির সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’। তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার স্মরণে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। খবর এপির। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমটি আরও জানিয়েছে, খামেনি তার নির্ধারিত দায়িত্বপালন করছিলেন এবং তার কর্মক্ষেত্রে (দপ্তরে) উপস্থিত ছিলেন। এক বিবৃতিতে ইরানের রেভুল্যুশনারি গার্ড বলেছে, “আমরা একজন মহান নেতাকে হারিয়েছি আর আমরা তার জন্য শোক করছি। তিনি এমন একজন নেতা যিনি আত্মার পবিত্রতা, ঈমানের দৃঢ়তা, সৃজনশীল মানসিকতা, অহংকারীদের মুখোমুখি হওয়ার সাহস ও আল্লাহর পথে জিহাদের ক্ষেত্রে অনন্য ছিলেন।” ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান সরকার খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একইসঙ্গে সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। তেহরানভিত্তিক সংবাদ সংস্থা ইরনা তাদের প্রকাশিত সংবাদে জানায়, ইসরায়েলি ও মার্কিন সরকারের আক্রমণে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন। এর আগে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে খামেনির নিহত হওয়ার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের তথ্য, আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। আরেক ব্রিটিশ সংবাদমামাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।



