অগ্নিঝরা মার্চ

অগ্নিঝরা ২ মার্চ : প্রথম জাতীয় পতাকা উড্ডয়নের দিন ঃ
আজ ২ মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ঐতিহাসিক ছাত্র সমাবেশে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা প্রথম উত্তোলন করা হয়। সবুজ, লাল, সোনালি- এই তিন রঙের পতাকাটি সেই যে বাংলার আকাশে উড়েছিল, তা আর নামাতে পারেনি পাকিস্তানের শাসকগোষ্ঠী। এর আগের দিন ১ মার্চ হঠাৎই জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এ কারণে প্রতিবাদে ফেটে পড়ে গোটা দেশ। বিক্ষোভে উত্তাল হয় চারিদিক। ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ নেমে আসে রাস্তায়। ঢাকা শহরের সব এলাকা থেকে লাখো মানুষ বাঁশের লাঠি হাতে খ- খ- মিছিল নিয়ে ছুটে আসে দিলকুশার পূর্বাণী হোটেলের দিকে। এ হোটেলেই আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বৈঠক চলছিল। লাখো মানুষের আকাশ-পাতাল কাঁপানো স্লোগান ও দাবির মুখে বৈঠক মুলতবি রেখে হোটেল থেকে বেরিয়ে আসেন বঙ্গবন্ধু। তিনি জনতার অনির্ধারিত মহাসমাবেশে সংক্ষিপ্ত ভাষণে ইয়াহিয়া খানের জাতীয় অধিবেশন স্থগিত ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সর্বত্র তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।



