প্রধান বিরোধীদল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে প্রধান বিরোধীদল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, এ বিষয়ে প্রধান বিরোধীদলকে প্রার্থী ঠিক করার জন্য সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার। এরই অংশ হিসেবে স্পিকার নির্বাচনের দিনই একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি রয়েছে। আমরা প্রধান বিরোধীদলকে মৌখিকভাবে প্রস্তাব করেছি, তারা যেন ডেপুটি স্পিকারের প্রার্থী নির্ধারণ করেন। সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার, দুটি পদেই প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও রাজনৈতিক সৌহার্দ্যরে খাতিরে সরকার তা করছে না বলে ইঙ্গিত দেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের যে সমঝোতা হয়েছে, সেখানে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির কথা উল্লেখ আছে, যার একটি বিরোধীদল পাবে।



