জাতীয় সংবাদ

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ভাইসহ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সিএমপির গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)। এর মধ্যে শাবু কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই বলে জানিয়েছে পুলিশ। সিএমপি ডিবি (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি প্রবেশমুখ এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার শাহাব উদ্দিন শাবুর গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপর গ্রেপ্তার পারভেজের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার দুলাহাজরা এলাকায়। তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বসবাস করতেন। পুলিশের সিডিএমএস যাচাইয়ে দেখা যায়, শাহাব উদ্দিন শাবুর বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই ও দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে। আর পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে। সিএমপি ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button