জাতীয় সংবাদ

তুরাগে জাল টাকা তৈরির কারখানায় অভিযান : বিপুল জালনোটসহ গ্রেপ্তার ২

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর তুরাগে একটি জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে ২৫ লাখ টাকার বেশি মূল্যের জালনোট ও নোট তৈরির সরঞ্জামসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) তুরাগের ডলিপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৩। গ্রেপ্তাররা হলেন জাল নোট তৈরি চক্রের সদস্য নাইমুল ইসলাম ইশান (১৯) ও তার সহযোগী কেফায়েত উল্লাহ (১৯)। র‌্যাব-৩ জানায়, বৃহস্পতিবার তুরাগের ডলিপাড়া বাদলদী সাকিন হাউজে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া দুই তরুণের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৫ হাজার ৫টি জাল নোট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব নোটের বাজারমূল্য ২৫ লাখ ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া জালনোট তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ২টি লেজার প্রিন্টিং ডায়েস, ১টি প্রিন্টার ও ৩টি স্মার্টফোন জব্দ করা হয়। গতকাল শুক্রবার (৬ মার্চ) র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও স্টাফ অফিসার (মিডিয়া) সনদ বড়ুয়া অভিযানের এসব তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব কর্মকর্তা সনদ বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে তারা একটি সঙ্ঘবদ্ধ জাল টাকা তৈরি চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট তৈরি করে আসছিল। পরে এসব জাল টাকা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতেন তারা। গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button