বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস পালন

প্রবাহ ডেস্ক : নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা : কয়রায় সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা, কুইচ প্রতিযোগিতা সহ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় এ উপলক্ষে র্যালি শেষে ৫নং কয়রা সরকারি পুকুর পাড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জাকির হোসেন, ইউপি সদস্য নাজমুছ সাদাত, মুর্শিদা খাতুন, সিএনআরএসের কয়রা সাইট অফিসার মোঃ নুরুজ্জামান, ফিল্ড অফিসার মোঃ তুহিন হোসেন,সমাজসেবক মোল্যা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান লিটন, সরদার আবুল কালাম, নারী সদস্য রোকেয়া খাতুন, রেশমা আক্তার, বাসন্তী মুন্ডা প্রমুখ। আলোচনা শেষে কুইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
দাকোপ : আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে খুলনার দাকোপে আন্তর্জতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ অর্থায়নে পরিচালিত টুগেদার ফর টুমরো ইনহ্যান্সিং কোঅপারেশন ফর সোশ্যাল সাসটেননিবিলিটি প্রকল্পের আওতায় বেসরকারি এনজিও দলিত এর উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। রবিবার সকাল ১০টায় বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজ মাঠে বাজুয়া ইউপি চেয়ারম্যান মানষ কুমার রায়ের সভাপতিত্বে ও প্রকল্প ব্যাবস্থাপক (টিএফটি) মোসাঃ লাইলা খাতুনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস, সিভিক এনগেজমেন্টক্যাট ফান্ড (সিইএফ) কর্মসূচীর ডেপুটি টিম লিডার ক্যাথারিনা কনিগ, বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমন্ত কুমার বৈদ্য, এ্যাডভোকেসি এ্যান্ড কমিউনিকেশন অফিসার (টিএফটি) মুশির্দা খাতুন, ইয়োথ প্রজেক্ট ম্যানেজার শাকিরুন আক্তার, প্রজেক্ট অফিসার (টিএফটি) মনোরমা সরদার, মনিটরিং অফিসার স্বপন কুমার বিশ^াস প্রমুখ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাজুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভায় সাংবাদিক পারুল বেগম ও নারী নেত্রী মিনাক্ষী সরকারকে আদম্য নারীর সম্মাননা প্রদান করা হয়।
সাতক্ষীরা : উপকূলীয় নারীদের কণ্ঠ নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী নানা আয়োজন সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণার উদ্যোগে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় রবিবার সকালে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার গল্প তরীর সুন্দরবন মিউজিয়ামে দিবসটি উদযাপন করা হয়। উপকূলের নারীরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছেন। কিন্তু তাদের সেই সংগ্রামের কথা অনেক সময় নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। এবারের নারী দিবসে সেই বাস্তবতা তুলে ধরতেই আয়োজন করা হয় ভিন্নধর্মী এই কর্মসূচির। এবারের প্রতিপাদ্য ছিল অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ : সকল নারী ও কন্যাশিশুর জন্য। দিবসটি উপলক্ষে গল্প তরী প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে স্থানীয় নারী-পুরুষ, মুন্ডা আদিবাসী সম্প্রদায়, তরুণ-তরুণী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে নারীর অধিকার, সমতা, মর্যাদা ও বাল্যবিবাহ প্রতিরোধের বার্তাবাহী পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। র্যালি শেষে সাংস্কৃতিক ও অভিজ্ঞতাভিত্তিক উপস্থাপনার মাধ্যমে উপকূলের নারীদের জীবনসংগ্রাম তুলে ধরা হয়। মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি, সুন্দরবননির্ভর জীবিকার সঙ্গে যুক্ত বাওয়ালি ও মৌয়ালদের অভিজ্ঞতা, দিনমজুর, কিশোর-কিশোরী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানে উঠে আসে উপকূলীয় নারীদের বাস্তবতা ও অধিকারবঞ্চনার চিত্র। পরে স্থানীয় কমিউনিটি ও যুব সংগঠন সিওয়াইডির উদ্যোগে একটি রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি সদস্যাবৃন্দ এবং প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী উপস্থিত ছিলেন।
বাগেরহাট : বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উযযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে দিবসটি উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ থেকে নির্ধারিত সময়ে র্যালী বের করতে না পারায় অংশ গ্রহনকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মুলতঃ অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট ২- আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ যথা সময়ে অনুষ্ঠান স্থলে আসলেও আয়োজক কতৃপক্ষ বিলম্বে আসায় এ দিবস উযযাপন নিয়ে জটিলতা হয় বলে অংশ গ্রহনকারীরা জানায়। সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন অনুষ্ঠানস্থলে আসলে র্যালী শুরু করা হয়। তবে কতিপয় এনজিও ব্যবসায়ী তাদের প্রকল্পের অনুকুলে বরাদ্দ পাওয়া অর্থ হালাল করতে এমপি ও ডিসির উপস্থিতিতে একের পর এক ব্যানার দিয়ে ফটো সেশন শুরু করে। যা নিয়ে এ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা বিরক্ত হন। পরে একটি র্যালী নিয়ে মাত্র ২৫০ গজ দুরে স্বাধীনতা উদ্যানে র্যালী শেষ করা হয়। র্যালী শেষে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ ও মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ।



