দিঘলিয়ায় একটি বাড়িতে চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ও লুটপাট: মামলা দায়ের

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা গ্রামে জনৈক পুলিশ সদস্যের বসতবাড়িতে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠি হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ স্বর্ণালংকার ও আসবাব পত্র লুটপাট করেছে। গত ২৭ ফেব্রুয়ারি এ হামলার ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট অভিযোগে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি সকালে বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলনা। বাড়িতে শুধু বাড়ির মহিলা সদস্যরা ছিল। এই সুযোগে বিভিন্ন এলাকার ২০/২৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী দল রামদা, চাইনিজ কুড়াল, লোহার শাবল, হাতুড়িসহ দেশী অস্ত্রে সজ্জিত হয়ে গাজীরহাটের ডোমরা গ্রামের সাবেক পুলিশ সদস্য মৃত জাফর শেখের দোতলা পাকা ভবনে হামলা চালায়। তারা ভবনের গ্রীল ও জানালা-দরজা ভেঙ্গে ফেলে। ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র এবং ব্যবহৃত ইলেকট্রিক সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। বাড়ির মহিলাদের অকথ্য ভাষায় গালাগালি করে ও হুমকি ধামকি দেয়। তাদের বাড়ি থেকে বের করে দেয়। মামলার এজাহারে লুটপাট হওয়া নগদ টাকা, মালামাল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ লাখ ৫৭ হাজার ৪০০ টাকা দাবী করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক পুলিশ সদস্য মৃত জাফর শেখের তিন পুত্রের দ্বিতীয় পুত্র মোঃ নাজমুল ইসলাম (৩৫) বর্তমানে পুলিশে কর্মরত। বড় পুত্র মোঃ জাহিদুল ইসলাম(৪২) বারিতে থাকেন। ছোট ছেলে মারুফ আহমেদ পড়াশোনার জন্য বাইরে থাকেন।
উল্লেখ্য চিহ্নিত সন্ত্রাসীদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় বসতবাড়িতে এ হামলা চালিয়েছে। এর পূর্বেও মোটা অংকের টাকা চাঁদা আদায় করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে কোনো সাংবাদিককে পরিদর্শন বা ছবি এবং ভিডিও করতে বাধার সৃষ্টি করা হচ্ছে এমনটাই ভুক্তভোগীদের পক্ষ থেকে এ প্রতিবেদককে জানিয়েছেন।
এ ব্যাপারে সাবেক পুলিশ সদস্য মৃত জাফর শেখের বড় পুত্র মোঃ জাহিদুল ইসলাম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৯ তারিখ ২৮/০৩/২০২৬ ইং। ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩৮০/৫০৬/৩৪ দি পেনাল কোড ১৮৬০।
বাদীর অভিযোগ ঘটনার এক সপ্তাহ পার হলেও কোনো আসামীকে গ্রেফতার করা হয় নি।



