জাতীয় সংবাদ

নারী মুক্তিযোদ্ধার টাকা আত্মসাত: জি.কে. বাবুলের সাজা

প্রবাহ রিপোর্টঃ বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধা জাহেরা খাতুনের সঙ্গে প্রতারণা করে পাঁচ লাখ টাকা আত্মসাতের মামলায় জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এ.বি.এম গোলাম কাদির ওরফে জি.কে. বাবুলকে দুই বছর এক মাসের কারাদ- দিয়েছেন আদালত। রবিবার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী আশরাফ উদ্দিন আসিফ জানান, প্রতারণার দায়ে আসামিকে এক বছর এক মাসের সশ্রম কারাদ- ও দুই হাজার টাকা অর্থদ- (অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদ-) দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বাসভঙ্গের দায়ে এক বছরের সশ্রম কারাদ- ও দুই হাজার টাকা অর্থদ- (অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদ-) দেওয়া হয়েছে। সাজা পৃথকভাবে কার্যকর হবে বিধায় আসামিকে মোট দুই বছর এক মাস কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং রায় শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রায় ঘোষণার পর দ-িত জি.কে. বাবুলকে কারাগারে নেওয়ার পথে ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন তার ছেলে সৈয়দ সালেহীন কাদির। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সালেহীন কাদির এক প্রতিবেদকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং হুমকি-ধমকি দেন। এ সময় হাতকড়া পরিহিত অবস্থায় জি.কে. বাবুলও সাংবাদিকদের দিকে তেড়ে আসেন। আদালত চত্বরে আরও কয়েকজন সাংবাদিক ছবি তুলতে গেলে সালেহীন কাদির তাদের ওপরও হামলা ও হেনস্তা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বিবরণ অনুযায়ী, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা জাহেরা খাতুনের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে জি.কে. বাবুল নিজেকে মুক্তিযোদ্ধা ও ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে পরিচয় দিয়ে সরকারি আবাসিক প্রকল্পে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। আসামির প্ররোচনায় ২০২২ সালের ১০ মার্চ জাহেরা খাতুন ব্যাংক ঋণ নিয়ে ৫ লাখ টাকা বাবুলের তেজগাঁওয়ের কার্যালয়ে প্রদান করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাট বরাদ্দ না পাওয়ায় এবং খোঁজ নিয়ে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগী টাকা ফেরত চাইলে বাবুল তা দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ২০২৩ সালের ২ মার্চ জাহেরা খাতুনের মেয়ে জুমি আক্তার মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চারজনের সাক্ষ্যগ্রহণের পর আদালত আজ এই রায় প্রদান করলেন। আসামির বিরুদ্ধে এর আগেও প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ ছিল বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button