জাতীয় সংবাদ

রাজধানীতে দেয়াল চাপা পড়ে দুই শিশু নিহত

প্রবাহ রিপোর্ট ঃ নিহতরা হলো আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)। বুধবার (১২ মার্চ) বেলা ১১টার পর বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত আয়শার বাবা মো. ইকবাল জানান, তারা থাকেন উত্তর বাড্ডায় ৮ নম্বর লেনে। তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। সকালে বাসায় ছিলেন তিনি। এ সময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তিনি জানান, তাদের পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি ওয়াল ভাঙা হয়নি। ভেতরে ওয়ালের পাশেই রাখা ছিল ইট আর বালু। শিশু দুটি যখন ঠিক ওয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন ওয়ালটি ধসে তাদের ওপর পড়ে। এতে চাপা পড়ে আয়শা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদের দেয়ালের নিচ থেকে বের করে প্রথমে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইকবাল আরও জানান, এক ছেলে ও দুই মেয়ের মাঝে মেঝ আয়শা। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো আয়শা। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুরায়। এদিকে নিহত নুসরাত জাহান মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমীন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর বাড্ডা পূর্বাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে। দুটি বাড়ির মাঝে পাঁচ থেকে ছয় ফিট রাস্তা রিকশাও প্রবেশ করতে পারে না। ইতালি প্রবাসীর এক ব্যক্তির পুরাতন বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল। সেই পুরাতন একটি বাড়ির দেয়াল ধসে খেলতে থাকা দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় অবশ্যই হত্যা মামলা প্রক্রিয়াধীন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button