ইরানে মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদে প্রেসক্লাবে সমাবেশ

প্রবাহ রিপোর্ট ঃ ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা ইরানের ওপর মার্কিন–ইসরায়েলি সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ব শান্তির স্বার্থে এ ধরনের আগ্রাসন বন্ধের দাবি জানান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সংঘাত ও যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন সেই ধারাবাহিকতারই অংশ। তিনি বলেন, যুদ্ধ ও আগ্রাসন কখনোই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, বরং তা আরও অস্থিরতা সৃষ্টি করে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা রেখে যেকোনো বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে হবে। বিশ্ব সম্প্রদায়কে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি নুর জামাল শিকদার। তিনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী নীতির কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও মানবিক সংকট সৃষ্টি হচ্ছে। ইরানের ওপর সামরিক আগ্রাসন বন্ধ করে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণের আহ্বান জানান তিনি। বক্তারা আরও বলেন, যুদ্ধবাজ শক্তির বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রাসন ও দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ইরানের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সামরিক আগ্রাসনের প্রতিবাদে সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন।



