জাতীয় সংবাদ

সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন

প্রবাহ রিপোর্ট ঃ দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই; সরকারের এমন আশ্বাসের মধ্যেই ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে উল্টো চিত্র। কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত বিক্রি, আবার কোথাও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কারচালকরা। শনিবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তেলের সরবরাহে অস্বাভাবিকতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা মিলিয়ে এক ধরনের অঘোষিত সংকট পরিস্থিতি তৈরি হয়েছে। রমনা ফিলিং স্টেশনে দুপুরের দিকে প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন মৎস্য ভবন পেরিয়ে শিল্পকলা একাডেমি পর্যন্ত বিস্তৃত হয়। এখানে প্রতি লিটার অকটেন ১২০ টাকায় বিক্রি হলেও সরবরাহ সীমিত রাখা হয়েছে। মোটরসাইকেলে সর্বোচ্চ ৫০০ টাকা এবং প্রাইভেট কারে ১৫০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। লাইনেই দাঁড়িয়ে থাকা মগবাজারের সজীব আল মাসুদ বলেন, কয়েকটি পাম্প ঘুরেও তেল না পেয়ে শেষ পর্যন্ত বাইক ঠেলে এখানে আসতে হয়েছে। একই চিত্র দেখা গেছে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকার একটি পাম্পে, যেখানে সীমিত পরিমাণ অকটেন বিক্রি হওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চালকরা। অন্যদিকে, মগবাজারের মঈন মোটর ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় পেট্রোল ও অকটেন বিক্রি পুরোপুরি বন্ধ, কেবল ডিজেল মিলছে। গাড়ি বা মোটরসাইকেলের ভিড় নেই। অলস বসে থাকা কর্মচারীরা জানান, ঈদের আগেই পেট্রোল ও অকটেন শেষ হয়ে গেছে। দুয়েকটি বাস ডিজেল নিচ্ছে। তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যান সামির হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী, যিনি মিরপুর থেকে নীলক্ষেত পর্যন্ত কয়েকটি পাম্প ঘুরেও তেল পাননি। রাজারবাগে একটি ফিলিং স্টেশনে তেল মিলছে। কিন্তু প্রচ- ভিড় সেখানে। ৫০০ টাকার নিচে সেখানে তেল মিলছে না, তাও অনেকে পাচ্ছেন না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button