বিনোদন

তিন কোটির ক্লাবে পৌঁছল ‘বনলতা এক্সপ্রেস’

প্রবাহ রিপোর্ট ঃ ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ব্যাপক সমাগম ধরে রেখেছে। মুক্তির মাত্র চার দিনেই ছবিটি ১ কোটির বেশি টাকার টিকিট বিক্রির পর আট দিনে ২ কোটির ক্লাবে প্রবেশ করে। এবার মুক্তির মাত্র ১১ দিনের মাথায় ৩ কোটির ক্লাবে প্রবেশ করল তারকাখচিত ‘বনলতা এক্সপ্রেস’। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ‘বনলতা এক্সপ্রেস’-এর টিম দাবি করেছে, বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছবিটির মোট গ্রস আয় ৩ কোটি টাকার বেশি। জানা যায়, দর্শক চাহিদা বাড়ায় বর্তমানে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস ও কে-স্ক্রিন সিনেপ্লেক্সে সিনেমাটির শো সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখায় একদিনে বহু শো চলায় দর্শকদের উপস্থিতিও লক্ষ্যণীয়। তবে জনপ্রিয়তা বাড়লেও কিছু দর্শক চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ায় অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন। ছবির পরিচালক তানিম নূর জানান, দর্শকদের ভালোবাসা ও সাড়া তাদের জন্য অত্যন্ত আনন্দের। পরিবার ও বন্ধুদের নিয়ে দলবেঁধে সিনেমা দেখতে আসার প্রবণতাই ছবিটির সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছেন তিনি। উল্লেখ্য, এই ছবিটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এর গল্পের পরতে পরতে যাত্রীদের জীবনের নানা বৈচিত্র্যময় দিক ফুটে উঠেছে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, লাবণ্য চৌধুরী, শামীমা নাজনীন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button