প্রধানমন্ত্রীর খুলনায় সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ- আলী আসগার লবি এমপি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর লবি বলেন, প্রধানমন্ত্রীর খুলনায় সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এ সফরকে কেন্দ্র্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। পাশাপাশি খুলনার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের আঞ্চলিক সমস্যাগুলো সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাওয়ার প্রত্যাশাও রয়েছে স্থানীয় মানুষের। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী আসগর লবি প্রধানমন্ত্রীর খুলনা সফরকে সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সফরকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আগামী ৫ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে সোমবার ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে বিএনপি’র আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু। তিনি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়িয়ে সফরকে সুশৃঙ্খল ও সফল করার ওপর গুরুত্ব দেন। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র্র করে ডুমুরিয়া উপজেলার সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ডুমুরিয়া উপজেলা বিএনপির এ প্রস্তুতি সভাকে দলীয় সাংগঠনিক তৎপরতা জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনা সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরকে ঘিরে সংশ্লিষ্ট দলীয় ও প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে।



