খেলাধুলা

নতুন স্টেডিয়ামে নেমেই মেসির গোল, তবুও থাকছে আক্ষেপ

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ নবনির্মিত ন্যু স্টেডিয়ামে ইন্টার মিয়ামির প্রথম ম্যাচ। ইতিহাস হওয়ার অপেক্ষায় গ্যালারিতে হাজারো দর্শক। লিওনেল মেসি শুরুটাও রাঙালেন জাল কাঁপিয়ে। তবে আফসোস থেকেই গেল। ম্যাচটি জিততে পারেনি মিয়ামি, মাঠের প্রথম গোলটিও হয়েছে অন্য একজনের নামে। ইন্টার মিয়ামির নতুন মাঠে মেসি গোল করতে সময় নেন মাত্র ১০ মিনিট। তবে তারপরও পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয়েছে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ। ঘরের মাঠে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। মিয়ামির হয়ে প্রথম গোল মেসি করলেও ন্যু স্টেডিয়ামের ইতিহাসের প্রথম গোলটি করেছেন অস্টিন ডিফেন্ডার গুইলহার্মে বিরোর। ৬ মিনিটেই এগিয়ে যায় অস্টিন। এর ঠিক মিনিট চারেক পরই অসাধারণ এক হেডে মিয়ামিকে ম্যাচে ফেরান মেসি। মেসির গোলে সমতায় ফেরার পর বল দখলে আধিপত্য দেখায় অস্টিন। দ্বিতীয়ার্ধের ৫৩ জেইডেন নেলসনের গোলে আবারও এগিয়ে যায় অস্টিন। ৭৩ মিনিটে মাঠে নামা লুইস সুয়ারেজ আট মিনিটের মাথায় গোল পান। ৯০ মিনিটে মেসির করা ফ্রি -কিক ফিরে আসে পোস্টে লেগে। ফিরতি বলে সুয়ারেজ গোল করলেও সেটি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় ড্র নিয়েই। আগামী সপ্তাহে নিজেদের এই মাঠে নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে মিয়ামি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button