ট্রাম্পকে অপসারণে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি

প্রবাহ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার পদ থেকে অপসারণের জন্য যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের জোরালো দাবি জানিয়েছেন বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি তৈরি ও বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকির মুখে ট্রাম্পকে ‘মানসিকভাবে অনুপযুক্ত’ দাবি করে তার প্রশাসনের সদস্যদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি ট্রাম্পের কিছু আক্রমণাত্মক সিদ্ধান্ত ও বক্তব্যের পর এই দাবি নতুন করে সামনে এসেছে। ট্রাম্পের বিরুদ্ধে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবিতে সরব হয়েছেন বেশ কয়েকজন কংগ্রেস সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে অ্যারিজোনার কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারি লিখেছেন, “ট্রাম্প একটি বিধ্বংসী ও অবৈধ যুদ্ধ উসকে দিচ্ছেন, ইরানে ব্যাপক যুদ্ধাপরাধ এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকি দিচ্ছেন। গত ৪৮ ঘণ্টায় তার বাগাড়ম্বর সব সীমা ছাড়িয়ে গেছে।”
মিনেসোটার কংগ্রেস সদস্য ইলহান ওমর ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় বলেছেন, “এই উন্মাদকে অবশ্যই পদ থেকে অপসারণ করতে হবে।”
নিউ মেক্সিকোর কংগ্রেস সদস্য মেলানি স্ট্যানসবারি বলেছেন, “২৫তম সংশোধনীর সময় এসেছে। কংগ্রেস এবং মন্ত্রিসভাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।”
ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য জো ওয়ালশ-ও ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেছেন, “তিনি চিরকাল এই দেশের জন্য একটি কলঙ্ক হয়ে থাকবেন। এমনকি বিশ্বের জন্যও। এখনই ২৫তম সংশোধনী চাই।”



